কোপা আমেরিকা

আর্জেন্টিনা দলে ফিরলেন আগুয়েরো

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৪৪

প্রায় এক বছর পর আর্জেন্টিনা দলে ফিরছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। গেল বুধবার আসন্ন কোপা আমেরিকার জন্য ঘোষণাকৃত ৩৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা মেলে এই ফরোয়ার্ডের।

ইংলিশ প্রিমিয়ার লিগে সদ্যসমাপ্ত মৌসুমে ৩৩ খেলায় ২১ গোল করা আগুয়েরো গেল বছর রাশিয়া বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়েছিলেন। এবার কোচ লিওনেল স্ক্যালোনির কোপা মিশনের দলে ডাক পেলেন তিনি।

ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ ধরে রাখার মিশনে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। শেষ দিনে ব্রাইটনের বিপক্ষে ৪-১ গোলে জিতে শিরোপা নিশ্চিত করার ম্যাচেও গোলের খাতা খুলেছিলেন আগুয়েরো।

সিটি স্ট্রাইকারের পাশাপাশি দলে আছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি, পিএসজি ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া। দলের আক্রমণভাগে অন্য উল্লেখযোগ্য নামগুলো হচ্ছে জুভেন্তাসের পাওলো দিবালা এবং ইন্টারমিলানের মাউরো ইকার্দি ও লাউতারো মার্টিনেজ।

দলের গোলমুখ প্রহরায় সার্জিও রোমেরোয় আস্থা রাখেননি কোচ। প্রাথমিক দলে নেই চেলসি গোলরক্ষক উইলি ক্যাবায়েরোও। আগামী দুই সপ্তাহের মধ্যেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে আর্জেন্টিনা।

ব্রাজিলে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা আগামী ১৪ জুন থেকে চলবে ৭ জুলাই পর্যন্ত। এতে দশটি দক্ষিণ আমেরিকান দল ছাড়াও কাতার ও জাপান খেলবে অতিথি দল হিসেবে। প্রতিযোগিতাটির ‘বি’ গ্রুপে থাকা আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।

আর্জেন্টিনার প্রাথমিক দল

গোলরক্ষক

ফ্রাংকো আরমানি (রিভারপ্লেট), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), অগাস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেসে), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ)।

ডিফেন্ডার

রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), গ্যাব্রিয়েল মার্কাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানসিটি), জার্মান পেজ্জেয়া (ফিওরেন্তিনা), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নিকোলাস টাগ্লিয়াফিকো (আয়াক্স), মার্কাস আকুনা (স্পোর্টিং লিসবন) রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), হুয়ান ফইথ (টটেনহ্যাম)।

মিডফিল্ডার

লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), জিওভানি ল সেলসো (রিয়াল বেতিস), এক্সেকিয়েল প্যালাসিওস (রিভারপ্লেট), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড) রদ্রিগো দে পল (উদিনেসে), মাতিয়াস জারাচো (রেসিং) গঞ্জালো মার্তিনেজ (আতলান্টা) ম্যাক্সি মেজা (মন্টেরি), ইভান মার্কোনে (বোকা জুনিয়র্স)।

ফরোয়ার্ড

পাওলো দিবালা (জুভেন্তাস), লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্টিনেজ, মাউরো ইকার্দি (ইন্টারমিলান) অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি), মাতিয়াস সুয়ারেজ (রিভারপ্লেট)।