ভারতে মাওবাদীদের দলে ১০ হাজার শিশু গোয়েন্দা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
রান্না-বান্না, বার্তা আদান-প্রদান ও গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারতের বেশ কিছু এলাকায় কন্যা শিশুসহ প্রায় ১০ হাজার শিশুকে ‘নিয়োগ’ দিয়েছে মাওবাদীরা। অধিকাংশ শিশুর বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। যদিও এই শিশুদের অস্ত্র বহন করার বয়স হয়নি, তারপরেও তাদেরকে অস্ত্র পরিচালনার মৌলিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ভারতের ছত্রিশগড়, উড়িশ্যা, বিহার ও ঝারখন্ডে এই শিশুদের মাওবাদীরা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। শুধুমাত্র ছত্রিশগড় ও উড়িশ্যায় প্রায় তিন থেকে চার হাজার শিশুকে ‘বাল সংগ্রামে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। দান্দকারেনিয়াতে সেই ১৯৯৫ সাল থেকে কর্মকাণ্ড পরিচালনা করছে বাল সংগ্রাম। ঝারখন্ডে শিশুরা মাওবাদীদের জন্য কাজ করছে। বিহারে ‘বাল দস্তে’ প্রবেশ করানো হচ্ছে শিশুদের। এই শিশুদের পরিবারের মাওবাদীদের দলে অন্তর্ভুক্তিতে বাধা দেয়ার ব্যাপারে কিছু করার নেই। কারণ কোন শিশু যদিও সেখান থেকে পালায় তাহলে তাদের পরিবারের ওপর নেমে আসে দুর্বিষহ নির্যাতন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, শিশুদের নিয়োগের প্রধান কারণ হচ্ছে তথ্য সংগ্রহ। তারা নিরাপত্তা বাহিনীর মনে সন্দেহ সৃষ্টি না করে শুধু তথ্যই সংগ্রহ করছে না বরং মাওবাদী আদর্শ এই ছোট্ট শিশুদের মনে কৌশলে ঢুকিয়ে দেয়া হচ্ছে।