সব দলের অংশগ্রহণে সময়মত নির্বাচন হবে বলে আশা করি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। আশা করি সব দলের অংশ গ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারকারী রন্ধনচুল্লির ব্যবহার, বাজারজাতকরণ ও মান উন্নয়নের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিদ্যুত্, শক্তি ও খনিজ সম্পদ এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুক-স্টোভ (জিএসিসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, ইউএসএআইডির বাংলাদেশের মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ড্যান মজীনা বলেন, নির্বাচনের আগে যে পর্যবেক্ষক দল আসবে সে দলের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন অংশীদার। এজন্য আমরা চাই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক। নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্বাচন হতে হবে বিশ্ব দরবারে গ্রহণযোগ্য। এর আগে অনুষ্ঠানে মজীনা পরিচ্ছন্ন রান্নার চুল্লি ব্যবহার বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অংশীদারিত্ব আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলাদেশে পরিচ্ছন্ন চুল্লি ব্যবহারের গুরুত্ব রয়েছে। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে সাত লাখ উন্নত চুল্লি সরবরাহ করার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইউএসএআইডি। পরিচ্ছন্ন চুল্লিতে স্বাস্থ্যহানি হয় না। রান্নায় সময় কম লাগে। জ্বালানি ব্যবহার কম লাগে। ইউএসএআইডি’র পাঁচ বছরব্যাপী কর্মসূচির মাধ্যমে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের ক্যাটালাইজিং ‘ক্লিন এনার্জি ইন বাংলাদেশ’ (সিইবি) প্রকল্প বাস্তবায়ন করবে। সিসিবি পরিচ্ছন্ন রন্ধন চুল্লির জন্য বাজার উন্নয়ন, শিল্পখাতে জ্বালানির ব্যবহারের কর্মদক্ষতার প্রসার এবং পরিচ্ছন্ন জ্বালানি উন্নয়নের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশকে সহায়তা করবে। ইউএসএআইডি জিএসিসির প্রতিষ্ঠাতা অংশীদার এবং অ্যালায়েন্স ও যুক্তরাষ্ট্র সরকারের অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী ১০ কোটি পরিচ্ছন্ন রন্ধন চুল্লি সরবরাহের জন্য কাজ করছে।