প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিরোধী দলীয় নেতার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্কের অবনতি হয়েছে ২০০১ সালের পরে। তার আগে আমার বোনের বিয়েতে বিরোধী দলীয় নেত্রী নিজে এসেছিলেন। তখন আমি নিজে তাকে রিসিভ করেছি এবং একসঙ্গে রাতের খাবার খাওয়ার পরে গাড়িতে তুলে দিয়েছি। এরপরে তার ছেলেও আমাদের বাড়িতে এসেছেন; কিন্তু ২০০১ সালের পর থেকে আমাদের দলের নেতৃবৃন্দকে প্রচুর পরিমাণে অত্যাচার-নির্যাতন করা হয়েছে। পরবর্তীকালে আমার মায়ের উপরও হামলা করা হয়েছে। যার কারণে দুই দলের মধ্যে আর সম্পর্ক রাখা যায়নি।
সাম্প্রতিককালের রাজনৈতিক সংঘর্ষ বিষয়ে কথা বলতে যেয়ে আওয়ামী লীগের সভানেত্রীর পুত্র ও তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। গতকাল রাতে চ্যানেল আইয়ের লেটস টক অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। দেশের তরুণ প্রজন্মের বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি সমকালীন রাজনীতি, তথ্য-প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ গঠনের ভবিষ্যত্ পরিকল্পনা, নিজের অভিজ্ঞতার বর্ণনা প্রভৃতি তুলে ধরেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, রাজনৈতিক সংঘর্ষ কমিয়ে দেশকে পরিবর্তন করতে চাইলে তা পারেন কেবল আপনারাই। ভোটের মাধ্যমে এটা করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, রাজনৈতিক স্বচ্ছতা আমরাও চাই।
বর্তমান সরকারের বিভিন্ন সফলতার পাশাপাশি বেশকিছু ব্যর্থতাও রয়েছে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সরকারের সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতার মধ্যে ভাল কাজের জন্য কতটুকু চেষ্টা করেছে এবং কতটা সাফল্য অর্জন হয়েছে সেটাই বড় কথা। এ বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
