টঙ্গীতে বিদ্যালয় ভবন ধসে ১০ ছাত্র-ছাত্রী আহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫০
রবিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক তলা ভবনের মেঝের একাংশ ধসে ১০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাত্ বিকট শব্দে ভবনের একাংশ ধসে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। বিদ্যালয় কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরণ সাংবাদিকদের জানান, স্কুলটির দুটি ভবনের একটি একতলা আরেকটি দ্বিতীয় তলা। একতলা ভবনটি বিদেশি সংস্থা পিডিবিপি’র আর্থিক সহায়তায় ২০০৪ সালে নির্মাণ করা হয়। টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক জানান, নিম্নমানের ঢালাইয়ের কারণেই স্কুলটির মেঝে ধসে পড়েছে।