গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো মজুরি ঘোষণা, কারখানা ভাংচুর বন্ধ, জিএসপি সুবিধা পুনর্বহাল এবং নারী শ্রমিকদের গৃহবন্দী করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গার্মেন্টস শ্রমিকদের মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে। সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌ-পরিবহন মন্ত্রী শ্রমিক নেতা শাজাহান খান এমপি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার প্রমুখ।
