বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা নির্বাচনে বিজয় অর্জনের পর মিছিল-সমাবেশ কিংবা আতশবাজির মাধ্যমে বিজয় উদযাপন করেন। কিন্তু এবার ভিন্নতা আনলেন অস্ট্র্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। তিনি নিজের বিজয় উদযাপন করলেন সাইকেলে চড়ে। এর আগের দিন তিনি নির্বাচনে জিতে দেশটির ২৮তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন অ্যাবোট।
গতকাল রবিবার সকালে সমর্থকদের নিয়ে সাইকেলে চড়েন অ্যাবোট। ভবিষ্যতে অস্ট্রেলিয়াকে আরো শক্তিশালী করার লক্ষে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন নতুন এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে আরো শক্তিশালী ও সুন্দর ভবিষ্যত নির্মাণে আমি কাজ করে যাব। তিনি বিদেশি সাহায্য কমানোরও ঘোষণা দেন। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ১৫০ আসন বিশিষ্ট প্রতিনিধি পরিষদে অ্যাবটের রক্ষণশীল জোট ৮৮ ও লেবার পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৭টি আসন। এদিকে দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী কেভিন রাড পরাজয় মেনে নিয়ে নতুন সরকারকে সব ধরণের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন। শনিবার সকালে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। এতে ১ কোটি ৪৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অস্ট্রেলিয়ায় জুলিয়া গিলার্ড ২০১০ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। - দ্য গার্ডিয়ান
