বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নরসিংদী যাওয়ার পথে অন্তত দুইটি স্থানে তাকে স্বাগত জানাতে হাজির হওয়া বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৯ জন। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে আরো ৩০ জন।
আড়াইহাজারে আওয়ামী লীগ ও স্থানীয় এমপির লোকজন বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আড়াইহাজার থানার ওসি আকতার মোর্শেদ জানান, বিএনপি কর্মীদের বাধা দেয়ার কোন অভিযোগ তার কাছে কেউ করেনি। কেউ আহত হওয়ার খবরও তার জানা নেই।
এদিকে রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানায়, খালেদা জিয়া নরসিংদী জনসভায় যাওয়ার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় সাত থেকে আটটি গাড়ি ভাংচুর করা হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া ভুলতা-গাউছিয়ায় যাওয়ার পথে মুড়াপাড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় যুবদল নেতা আব্দুল¬াহ আল মামুন নয়নসহ ৯ জন আহত হয়।
‘মিথ্যাচারের’ প্রতিবাদ
আমাদের স্টাফ রিপোর্টার জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রবিবার নরসিংদীর জনসভায় পৌঁছানোর আগেই তার বক্তব্য ও ‘মিথ্যাচারের’ প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করেছে নৌকা সমর্থক গোষ্ঠী। গতকাল বেলা সোয়া দুইটার দিকে সংগঠনটি এই আলোচনা সভার আমন্ত্রণপত্র ই-মেইলের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে পাঠায়। অথচ তখন বিএনপি চেয়ারপারসন কোন বক্তব্য দেয়াতো দূরের কথা, জনসভাস্থলেই পৌঁছাননি।
এ প্রসঙ্গে নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ূন কবির মিজি বলেন, আমাদের ধারণা বেগম খালেদা জিয়া নরসিংদীতেও মিথ্যা কথা বলবেন। এছাড়া এর আগে বিভিন্ন জনসভায় তিনি সরকারের বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলেছেন।
