যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটেছে। যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো সেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে রয়েছে। আগামী এক দশকের মধ্যেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাংলাদেশ নিজেই নিজের খাদ্য উত্পাদন করবে। যেটা ৩০ বা ৪০ বছর আগে কেউ চিন্তা করেনি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কৃষিভিত্তিক ব্যবসায় ঋণ প্রদানে ব্র্যাক ব্যাংক ও ইউএসএআইডি’র একটি নতুন অংশীদারিত্বের ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গতকাল রবিবার রাজধানীর গুলশানস্থ আমেরিকান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন ইউএসএআইডির বাংলাদেশ মিশনের পরিচালক রিচার্ড গ্রিন ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী ওবায়দুর রহমান।
মজীনা বলেন, কৃষির চারটি জরুরি উপাদান হচ্ছে ঋণ, জ্ঞান, শস্য এবং বাজার। এই অংশীদারিত্বে কৃষি উত্পাদন বৃদ্ধির চারটি জরুরি উপাদানের একটির ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। আর এই উপাদানটি হচ্ছে ঋণ। ঘোষিত অংশীদারিত্ব অনুযায়ী ব্র্যাক ব্যাংক প্রায় ৪০ কোটি টাকা (৫০ লক্ষ ডলার) কৃষি খাতে ঋণ হিসেবে কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রদান করবে। ঋণের ৫০ শতাংশের যোগান দেবে যুক্তরাষ্ট্র। ফলে ব্র্যাক ব্যাংক সাশ্রয়ী সুদ হারে এই ঋণ দিতে পারবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ব্র্যাক ব্যাংকের মধ্যে এই অংশীদারিত্ব বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাংলাদেশি কৃষক ও ব্যবসায়ীদের জন্য পরিবর্তনের সুযোগ করে দেবে। সাশ্রয়ী সুদ হারে ঋণ গ্রহণের সুযোগ পেয়ে কৃষকরা সঠিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের ফিড দ্য ফিউচার অংশীদারিত্ব একটি অন্যতম উন্নয়ন কর্মসূচি। এই কর্মসূচিতে দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ জেলাগুলোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত থাকবে।
রিচার্ড গ্রিন বলেন, ইউএসএআইডি টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের চেষ্টা করে চলেছে। ব্র্যাকের সঙ্গে এই অংশীদারিত্ব সে চেষ্টাকে বেগবান করবে।
