প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে পুনঃনির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।
তিনি বলেন, ‘আমরা দেশকে আলো ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে শুরু করেছি। কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে আমরা আবারও আপনাদের ভোট চাই।’
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গতকাল বিকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে ৬টি জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সূচনা বক্তব্যে একথা বলেন।
আগামী সাধারণ নির্বাচনে সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসাবে আওয়ামী সভানেত্রী গতকাল যশোর, কিশোরগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গ্রেড-১ পৌরসভা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত ৪ সেপ্টেম্বর থেকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের উদ্যোগ নেয়। এ মতবিনিময় আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে রাজনীতি করে। তিনি বলেন, আমরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় আসিনি, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় এসেছি। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আওয়ামী লীগ জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কাজী জাফরউল্ল¬া ও সতীশ চন্দ রায়, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি ও মাহবুব-উল-আলম হানিফ, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
