এমপিওভুক্তির দাবিতে সহকারী গ্রন্থাগারিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
এমপিওভুক্তির এক দফা দাবিতে অনড় সহকারী গ্রন্থাগারিকরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি দেবেন তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় সংগঠনের নেতারা বলেন, বৈধ নিয়োগ পাওয়া সহকারী গ্রন্থাগারিকরা তিনবছর যাবত বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। উল্লেখ্য সারাদেশের সাড়ে ৪ হাজারের বেশি লাইব্রেরিয়ানকে সরকার এমপিও দেয়নি। এদের বিরুদ্ধে অভিযোগ, এরা বিতর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে চাকরি নিয়েছেন। বিতর্কিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- দারুল ইহসান ইউনিভার্সিটি, বগুড়ার সিট ফাউন্ডেশন, গ্রন্থাগারিক সমিতি ইত্যাদি। শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনায় দারুল ইহসান ইউনিভার্সিটি একটি বিতর্কিত প্রতিষ্ঠান। আর সিট ফাউন্ডেশন একটি এনজিও এবং গ্রন্থাগারিক সমিতি পেশাজীবী সংগঠন- কোনও শিক্ষা প্রতিষ্ঠান নয়।