প্রকৌশলীদের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাত্

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করেছেন জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর নেতৃবৃন্দ। ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেলে ভূষিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানোর জন্য এ্যাব এর অন্তর্ভুক্ত ৭০ জন প্রকৌশলী গতকাল সোমবার মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তারা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অসামান্য অবদান ও অর্জনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া গ্রামীণ ব্যাংক রক্ষার চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে ড. ইউনূসের পাশে থাকারও অঙ্গীকার করেন প্রকৌশলী নেতৃবৃন্দ। সাক্ষাত্কালে এ্যাবের সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন ড. মুহাম্মদ ইউনূসের হাতে একটি মানপত্র তুলে দেন। এ সময় প্রকৌশলীদের সংহতি ও সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।