পূর্বধলায় স্কুল ভবনে ফাটল ক্লাস চলছে খোলা মাঠে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৬
উপজেলা সদর ইউনিয়নের হিরিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে। দেয়ালের এক পাশ দেবে গেছে। এ অবস্থায় কর্তৃপক্ষ বিদ্যালয় ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করায় মাঠে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। শিক্ষক শিক্ষার্থীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ । ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। জানা গেছে, গত এক বছর আগে বিদ্যালয় ভবনের পেছনের দেয়াল এক দিকে দেবে যায়। বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা শিক্ষা কার্যালয়কে অবহিত করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জানান, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতংক দেখা দেয়ায় অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে দিতে চান না। তাদের বুঝিয়ে খোলা মাঠে পাঠদান শুরু করি। এ অবস্থায় এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে একটি টিনের চালা তৈরি করেছেন। বৃষ্টির সময় এ চালা ঘরে পাঠদান সম্ভব হয় না। তাই অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায় না।