শিক্ষকের প্রহারে আহত ছাত্রকে ঢাকায় প্রেরণ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
শেরপুর শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে গত রবিবার শ্রেণিকক্ষে এক ছাত্রকে বেত দিয়ে পেটানোর সময় শিক্ষকের হাতের বেতটি ছুটে গিয়ে আরেক ছাত্রের চোখে লেগে চোখে গুরুতর জখম হয়েছে। চোখে আঘাত পাওয়া ওই ছাত্রকে চিকিত্সার জন্য জরুরীভিত্তিতে ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, রবিবার সকালে শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজীব মালিক নবম শ্রেণিতে ইংরেজী বিষয়ের ক্লাস নিচ্ছিলেন। ক্লাসে ওই শিক্ষকের প্রশ্নের জবাব দিতে না পারায় ‘রাহাত’ নামের এক ছাত্রের ওপর তিনি রাগান্বিত হয়ে বেত্রাঘাত শুরু করেন। সেই বেতটি হঠাত্ শিক্ষকের হাত থেকে ছুটে গিয়ে দুই বেঞ্চ পেছনে বসা ‘ফুরকান আহম্মেদ জয়’ নামে আরেক ছাত্রের ডান চোখে আঘাত করে। আহত স্কুল ছাত্র জয়কে স্থানীয় একটি চক্ষু ক্লিনিকে নেয়া হয়। চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর খালেদ তরুণ প্রাথমিক চিকিত্সা শেষে তাকে দ্রুত ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করেন।