মেধাবী কলেজ ছাত্রী আফসারি আক্তার স্বর্ণার হত্যাকারী আব্দুস সামাদ রাজুকে গ্রেফতার করে বিচারের দাবিতে ময়মনসিংহে সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৭ দিনের মধ্যে রাজুকে গ্রেফতার করা না হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
দুপুরে সরকারি আনন্দ মোহন কলেজ গেটে শহরের সকল কলেজের শিক্ষক-শিক্ষার্থীর অংশ গ্রহণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। কর্মসূচিতে সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এসময় ময়মনসিংহ মহিলা পরিষদ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষও এতে যোগ দেয়।
সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ব্যবস্থাপনা বিভাগের ঐ শিক্ষার্থীর ছাত্রত্ব ও ভর্তি বাতিলের জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পত্র পাঠানো হয়েছে।
