বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুত্ শুধু বিতরণ করলেই হবে না। এ সেবা হয়রানিমুক্ত করতে হবে। গ্রাহকসেবা সহজ ও আধুনিক না করলে তা নিশ্চিত হবে না। এ জন্য আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কল সেন্টার থেকে যেন জনগণ দ্রুত সেবা পেতে পারে তা পর্যবেক্ষণ জরুরি। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিদ্যুত্ ভবনে ডিপিডিসির কল সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গ্রাহকদের এবং খাত সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ হটলাইন সেবা চালু করলো ডিপিডিসি। ১৬১১৬ নম্বরে কল করে গ্রাহক যে কোনো ধরনের অনুসন্ধান, সেবা বা অভিযোগ প্রদান করতে পারবে।
