ছোটমনি নিবাসে পাঠানো হলো সেই শিশুকে

আপডেট : ১৬ মে ২০১৯, ২২:২০

ঢাকা শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হওয়া শিশুটিকে আজিমপুরে সমাজ সেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশুটিকে ছোটমনি নিবাসের কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে শিশুটিকে সেখানে নিয়ে যাওয়া হয়।

এদিকে শিশুটির সন্ধান পাওয়ার পর থেকেই তার দেখাশোনা করে আসছিলেন শিশু হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল মাহমুদ ও তার স্ত্রী পলি বেগম। গত ১০ বছর আগে এই দম্পতির বিয়ে হলেও তারা নিঃসন্তান। তারাই এই শিশুটিকে দত্তক নিতে চান বলে জানিয়েছেন। তবে নিয়ম অনুযায়ী সরাসরি এভাবে হাসপাতাল থেকে কোনো শিশুকে হস্তান্তরের নিয়ম নেই বলে তাকে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। শিশুটিকে হস্তান্তরের সময়ও শিশুটিকে কোলে রেখেছিলেন পলি বেগম। তিনি কোনোভাবেই শিশুটিকে কোল ছাড়া করতে রাজি হননি। বাধ্য হয়ে তাকেসহ শিশুটিকে ছোটমনি নিবাসে নিয়ে যাওয়া হয়।

শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. ফরিদ আহমেদ বলেন, শিশুটির সন্ধান পাওয়ার ঘটনায় আমরা জিডি করেছি। শিশুটিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

রাসেল মাহমুদ ও পলি বেগম দম্পতির বিষয়ে পরিচালক বলেন, বিষয়টি মানবিক। শিশুটিকে তিনদিন ধরে তারাই দেখাশোনা করছেন। কিন্তু আমরা তো আইনের কাছে বাধা। এখন তারা নিয়ম অনুযায়ী পারিবারিক আদালতে আবেদন করবেন। আদালত তাদের উপযুক্ত মনে করলে তারা শিশুটির দায়িত্ব পেতে পারেন। গত রবিবার বিকালে শিশুটিকে শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা হয়।