চাঁদা না দেয়ায় সাইক্লোন সেন্টার নির্মাণ বন্ধ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৬
রংপুরের কাউনিয়ায় বন্যা এবং সাইক্লোনের হাত থেকে এলাকার লোকদের নিরাপদ আশ্রয়ের জন্য একটি সাইক্লোন সেন্টার নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছে এলাকার কিছু লোক। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইউএসআইডি কর্তৃক নির্বাচিত হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এডিসি-এফসিসিআই উপজেলার প্রাণনাথচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ শুরু করেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্কুল কমিটির সভাপতি ময়েজ আকন্দের ছেলে মজিবর রহমান স্থানীয় বাসিন্দা হওয়ায় এলাকার কিছু উচ্ছৃংখল লোককে সাথে নিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়। বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সমাধানের চেষ্টা করেন। গত ১ সেপ্টেম্বর চাঁদাবাজরা টাকা না পেয়ে নির্মাণ কাজে নিয়োজিত দু’জন শ্রমিককে মারপিট করে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা পিপিএম বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।