রামপাল তাপবিদ্যুত্ প্রকল্প বাতিল এবং জ্বালানি ও বিদ্যুত্ সংকট সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়ন দাবিতে ২৪-২৮ সেপ্টেম্বর ঢাকা-সুন্দরবন লংমার্চ সফল করার আহবান জানিয়েছে তেল গ্যাস বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার জাতীয় কমিটির এক সভায় এই আহবান জানানো হয়।
সভায় জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই সরকার মহামূল্যবান সুন্দরবন ধ্বংস করছে। জীবন ও প্রকৃতির ক্ষতি ছাড়াও এতে বাংলাদেশের ক্ষতি হবে প্রায় ৬ লাখ কোটি টাকা।
সভায় আগামী ২৪-২৮ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় ছাত্র-যুব সংগঠনের সাথে মতবিনিময় সভা, ১৬ সেপ্টেম্বর পেশাজীবী-নারী সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা, ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় লংমার্চের প্রস্তুতি ও বিস্তারিত বিষয়ে সংবাদ সম্মেলন এবং ২২ সেপ্টেম্বর বিকালে লংমার্চের প্রচার মিছিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এছাড়াও মহানগর কমিটি লংমার্চের সমর্থনে ১১, ১৪, ২০ সেপ্টেম্বর কয়েকটি পদযাত্রা/প্রচার মিছিল করবে।
সভায় অন্যদের মধ্যে প্রকৌশলী ম. ইনামুল হক, প্রকৌশলী কল্লোল মোস্তফা, রুহিন হোসেন প্রিন্স, শুভ্রাংশু চক্রবর্তী, বজলুর রশিদ ফিরোজ, রাগিব আহসান মুন্না, জোনায়েদ সাকী, রনজিত্ চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, মোফাজ্জেল হোসেন মোস্তাক, আবু তাহের, মোশাহিদ আহমেদ, মহিন উদ্দীন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
