বগুড়া ও কুষ্টিয়ায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
বগুড়া সদর থানা পুলিশ শহর শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান রনিকে (৩৩) গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি চাপাতি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ রনিকে গ্রেফতার করে। রনি শহরের সেউজগাড়ী এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে। দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য ও মরিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারীর বাড়ির বৈঠকখানা থেকে একটি দেশি বন্দুক সাত রাউন্ড কার্তুজ ও ৪১ রাউন্ড বুলেট গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। যশোরে বিদেশি পিস্তলসহ আটক আমাদের যশোর অফিস জানায়, যশোরে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকুসহ রনি (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রনি শহরের খালধার রোড পশ্চিম বারান্দীপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে। সোমবার রাতে শহরের এমকে রোডের হোটেল নূরুর সামনে থেকে তাকে আটক করা হয়।