জাতিসংঘ অধিবেশনে বিএনপির প্রতিনিধি দল যাবে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০২
বিএনপির একটি প্রতিনিধি দল জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আমন্ত্রণে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন দেশের বিরোধী দলের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিনিধি দল পাঠানোর ঘটনা সাম্প্রতিককালে আর দেখা যায়নি। বিএনপির প্রতিনিধি দল সাধারণ পরিষদের অধিবেশনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে পারে। জাতিসংঘ মহাসচিব গত ২৩ আগস্ট বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে আলাপের সময় দুই সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান। প্রতিনিধি দলের অপর সদস্যের নাম এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিউইয়র্ক যাবার দিনক্ষণও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।