ভারতের উত্তর প্রদেশের সাম্প্রদায়িক দাঙ্গা যাতে আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য মোজাফফরনগর জেলায় কারফ্যিউ ও সেনা টহল অব্যাহত রয়েছে। এদিকে, দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হয়েছে। এই দাঙ্গার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর জি নিউজের।
লক্ষ্নৌয়ের স্বরাষ্ট্র সচিব কমল সাক্সেনা গতকাল বলেন, ‘উত্তর প্রদেশে দাঙ্গায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে মোজাফফরনগরে। দু’টি মৃত্যুর ঘটনা ঘটেছে মিরাটে। এছাড়া হাপুর, ভগপত, সাহারানপুর ও শামলি থেকে এক জন করে মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। নতুন করে কোথাও কোনও দাঙ্গার ঘটনা ঘটেনি বলে তিনি জানান। মুজাফফরনগরে এখনও কারফ্যিউ জারি রয়েছে। এখনো গোটা অঞ্চলে হাই এলার্ট রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রেখেছে মনমোহন সিংয়ের কেন্দ্রীয় সরকারও। সন্দেহভাজন কাউকে দেখলেই সেনাবাহিনী কিংবা পুলিশ তাকে চ্যালেঞ্জ করছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে যতক্ষন পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত না হয়।
