বাংলাদেশসহ ছয়টি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশের পুরুষদের প্রতি ১০ জনের মধ্যে একজন স্বীকার করেছেন নিজের স্ত্রী নয় এমন নারীকে তারা কোন এক সময় ধর্ষণ করেছেন। জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে, সমীক্ষায় আরও জানা গেছে, স্ত্রীর ইচ্ছের বাইরে তার ওপর বলাত্কার চালিয়েছেন বলে স্বীকার করেছেন এমন পুরুষের সংখ্যা এক চতুর্থাংশ। তবে সমীক্ষায় বলা হয়, বৈবাহিক সম্পর্কের বাইরে নারীকে ধর্ষণ করার ঘটনা সবচেয়ে কম ঘটেছে বাংলাদেশের গ্রামীণ এলাকায়। ব্রিটিশ মেডিক্যাল সাময়িকী ল্যান্সেট গত মঙ্গলবার দুটি নিবন্ধ প্রকাশ করেছে যাতে চমকে দেয়ার মত এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক গবেষকদের একটি দল বাংলাদেশ, শ্রীলংকা, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউ গিনির ১০ হাজারেরও বেশি পুরুষের ওপর সম্প্রতি দুটি সমীক্ষা চালায়। এই সমীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে ল্যান্সেটে এই নিবন্ধ দুটি প্রকাশ করা হয়। পাশাপাশি জাতিসংঘের কাছেও এই ফলাফল উপস্থাপন করা হয়।
