পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জন্য আশীর্বাদ। তাঁকে মারার জন্য কমপক্ষে ২৩ বার চেষ্টা করা হয়েছে। দেশবাসীকে সতর্ক থাকতে হবে, কেউ যেন জননেত্রী শেখ হাসিনার কোনো ক্ষতি করতে না পারে। শেখ হাসিনা থাকলে আমরা উন্নয়নের সকল লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে পারব। বৃহস্পতিবার প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশে অভাবনীয় সাফল্য এসেছে। মাথাপিছু আয় গত কয়েক বছরে কয়েকগুণ বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ গুণ বেড়েছে। বর্তমান অতিদারিদ্র্যের হার শতকরা ১১ ভাগ। আগামী পাঁচ বছরে তা শতকরা পাঁচভাগে নামিয়ে আনা সম্ভব হবে। ড. মোমেন বলেন, ৩টি বিষয়ে শেখ হাসিনার অবদান অসামান্য- বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করা।
বঙ্গবন্ধু একডেমির সহ-সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ করিম ও রলরাম পোদ্দার এবং বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ন কবির মিজি।
