বিমান বহরে যুক্ত হলো ভাড়ায় আনা বোয়িং

আপডেট : ১৭ মে ২০১৯, ০০:২০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন এয়ারক্রাফট বোয়িং ৭৩৭-৮০০। ভাড়ায় আনিত এই এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম হয়ে আন্তর্জাতিক রুটে চলাচল করবে। এর আগে উড়োজাহাজ সংকটে বিমানের ফ্লাইট সিডিউল বিপর্যস্ত হয়ে পড়ে। গত ৮ মে মিয়ানমারে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় অকেজো হয়ে পড়লে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। তখনি দুটি এয়ারক্রাফট ভাড়ায় আনার ঘোষণা দেয় বিমান সংস্থাটি।

বৃহস্পতিবার ভোরে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানো এয়ারক্রাফটটি আনা হয়েছে ছয় বছরের জন্য। কুয়েতের আলাফকো কোম্পানির কাছ থেকে ভাড়ায় আনা এই উড়োজাহাজটি হবে বহরের পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০। আগামী জুনে যুক্ত হবে আরেকটি উড়োজাহাজ। জুলাই ও সেপ্টেম্বর মাসে বিমানের কেনা আরো দুটি উড়োজাহাজ বহরে যুক্ত হবে। এগুলো হচ্ছে— বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটির বহরে ১৩টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০, চারটি ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ-৮। এর মধ্যে একটি বোয়িং ৭৩৭ এয়ারক্রাফট মেরামতের জন্য গ্রাউন্ডেড রয়েছে। একটি ড্যাশ-৮ উড়োজাহাজ দুর্ঘটনায় পতিত।