কক্সবাজার সড়কে জলাবদ্ধতায় পর্যটকদের ভোগান্তি চরমে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী অভিজাত এলাকা বীচরোডে সৃষ্ট জলাবদ্ধতার কারণে পর্যটকদের চরম ভোগান্তি হচ্ছে। গত প্রায় ৩ বছর ধরে সী-গাল সংলগ্ন রাস্তাটি পানির নিচে ডুবে থাকলেও এ নিয়ে কর্তৃপক্ষের টনক নড়ছে না। জানা যায়, শহরের লাবণী পয়েন্ট থেকে সী-ইন পয়েন্ট পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকাটি শহরের প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। অভিজাত হোটেল ও রেস্ট হাউসসমূহের বেশিরভাগই এ এলাকাতে অবস্থিত। কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পানি জমে আছে বীচরোডে। এর ফলে সাগর তীরের এ সড়কে পর্যটকদের চলাচল একদিকে বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ঘুরপথে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন পানি জমে থাকায় এ সড়কে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। পানির নিচে ডুবে থাকা এসব গর্তে পড়ে প্রতিদিন অনেকেই আহত হচ্ছেন। হোটেল সী-গালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরুল ইসলাম ছিদ্দিকী রুমী জানান, গত প্রায় ৩ বছর ধরে এ রোডে পানি জমে আছে। এমনকি শীতকালেও হোটেল-মোটেলের ময়লা পানি এসে এ সড়কে জমে থাকে। যার ফলে সাগর তীরের হোটেলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এর নেতিবাচক প্রভাব পড়ছে। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টোয়াক বাংলাদেশ) সভাপতি এসএম কিবরিয়া খান জানান, সাগর তীরের এ প্রধান সড়কটিতে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী থাকায় পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি জানান, পানি জমে থাকার কারণে রাস্তা ভেঙ্গে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। রিকশারোহী অনেক পর্যটক গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন।