নির্দলীয় সরকারের রূপরেখা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধানে ত্রয়োদশ সংশোধনীতে নির্বাচনের রূপরেখা দেয়া ছিল। তবে প্রধান উপদেষ্টাসহ রূপরেখাকে কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা করা যেতে পারে। সরকারকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ১/১১ এর প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা সংসদে যাবো কি-না তা নির্ভর করবে সরকারের ওপর। এখনো সংবিধান সংশোধনের সময় আছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সরকারের মেয়াদ আছে; এর মধ্যে যেকোনো সময় সংসদ আবার বসতে পারে। নির্বাচনের আগে যদি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারেন তাহলে সংঘাত ছাড়া আর কোনো পথ থাকবে না।
তিনি বলেন, অধিকারের চেয়ারম্যান আদিলুর রহমান ও ইউনূসকে অপদস্থ করতে গিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
স্বাধীনতা ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন।
