অধিকার সম্পাদককে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৫
মানবাধিকার সংস্থা অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার আদিলুরের আইনজীবী আসাদুজ্জামান আদালতে আদিলুরের অব্যাহতির আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ফৌজদারী কার্যবিধির ১৬৭ (২) ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেফতার করা হলে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে যদি কোন প্রতিবেদন না দাখিল করা হয় তবে আসামি অব্যাহতি পেতে পারে। এছাড়া আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে নতুন একটি মামলা হয়েছে। এ অবস্থায় ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়া আসামিকে অব্যাহতির আদেশ দেন। এদিকে গত বুধবার নব্য প্রতিষ্ঠিত সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আমলে নেন। একইসঙ্গে পলাতক এলানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামি ১৯ সেপ্টেম্বর এ পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন দাখিল ও আদালতে আদিলুরের উপস্থিতির জন্য দিন ধার্য করেন।