বর্তমান সরকারের সময়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চার হাজার ১৫৩ কোটি টাকা ব্যয়ে ৩১টি প্রকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যে ১৭টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১৪টি প্রকল্পের কাজ সরকারের মেয়াদের মধ্যেই শেষ হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এ,বি,এম, ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে সিডিএ কী কী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, গৃহীত প্রকল্পের মধ্যে কয়টি বাস্তবায়িত হয়েছে এবং কয়টি বাস্তবায়নাধীন রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অপরদিকে কমিটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য ব্যবস্থা নেয়ার পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প নেয়ার পরামর্শ দিয়েছে এবং বর্তমান সরকারের সময় গৃহীত কাজের অগ্রগতি সম্পর্কে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। এর আগে গত বৈঠকে যেসব সিদ্ধান্ত নেয়া হয় তার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটিতে প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, মো. আবদুছ ছাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঞা মোহন, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী এবং সাফিয়া খাতুন বৈঠকে অংশগ্রহণ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
