তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু লন্ডনে তার ওপর হামলাকে ‘রাজনৈতিক হামলা’ মন্তব্য করে বলেছেন, বিএনপি-জামায়াতের দোসররাই এ হামলা করেছে। তবে চোরাগোপ্তা হামলা চালিয়ে তার কণ্ঠরোধ করা যাবে না। এ ধরনের হামলাকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। যুক্তরাজ্য সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
সাংবাদিক সম্মেলনের শুরুতে তিনি বলেন, আমি সুস্থ আছি, অক্ষত আছি। হামলা সম্পর্কে তিনি বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। কারণ সেখানে আমার ব্যক্তিগত বা পরিবারিক কোন শত্রু নেই। জামায়াত, জঙ্গিবাদ, তেঁতুল হুজুর (হেফাজত নেতা আহমেদ শফী) ও তাদের দোসর বিএনপি এ হামলা চালিয়েছে।
তথ্যমন্ত্রী জানান, সিসিটিভির মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। লন্ডন পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তদন্ত কাজ দ্রুত এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপির জন্য সংলাপের দরজা খোলা আছে। তবে বিএনপি সংলাপে যাবে না এটা আস্ফাালনের চক্রান্ত ছাড়া কিছু নয়।
গতকাল বিমানবন্দরে জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা-কর্মীরা জাসদ সভাপতিকে স্বাগত জানান। এ সময় তারা তথ্যমন্ত্রীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন।
গত সোমবার লন্ডনে এক টক শোতে অংশ নিতে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ইউকে অফিসে হামলার শিকার হন তথ্যমন্ত্রী।
