রুশ টিভিকে আসাদ বললেন

সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেয়া হবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার ‘রোশিয়া টোয়েন্টিফোর’ টিভি চ্যানেলে আসাদ অস্ত্র সমর্পণের এ পরিকল্পনা জানান। তবে তিনি পরিষ্কার করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ভয়ে নয় বরং রাশিয়ার উদ্যোগেই অস্ত্র হস্তান্তরের এ পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর বিবিসির। অস্ত্র সমর্পণের বিষয়টি নিয়ে জেনেভায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রেরর পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার প্রস্তুতির মধ্যে আসাদ টিভিতে এ বক্তব্য রাখলেন। রাশিয়া এর আগে সিরিয়ার রাসায়নিক সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে ৩ দফা প্রস্তাব তুলে ধরে। এতে বলা হয়, সিরিয়া প্রথমে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনে যোগ দিতে হবে। তারপর সিরিয়াতে তাদের রাসায়সিক অস্ত্র ভান্ডারের বিস্তারিত তথ্য জানাতে হবে। তৃতীয়ত, এর ওপর ভিত্তি করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের কি করণীয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। টিভি সাক্ষাত্কারে আসাদ রাসায়নিক অস্ত্র কনভেনশনে যোগদান প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট বিভিন্ন দলিল জাতিসংঘে পাঠাবেন বলে জানান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘সিরিয়ায় নিশ্চিতভাবেই শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এ সুযোগ হাতছাড়া করতে পারি না’। তবে সিরিয়ার অস্ত্র ধ্বংস করা হবে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।