লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
লক্ষ্মীপুর সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে সশস্ত্র অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ কর্মীরা কলেজে জড়ো হতে থাকে। একপর্যায়ে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিলে ছাত্রলীগ কর্মীরাও পাল্টা ধাওয়া দেয়। বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের কয়েকটি কক্ষ ভাঙচুর করে। পরে ছাত্রলীগ ও ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করে। কর্তৃপক্ষ তাত্ক্ষণিক কলেজ ছুটি দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেন। অধ্যক্ষ মোঃ সোলায়মান জানান, আগামী শনি ও রবিবার কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ বলেন, ছাত্রদলের জেলা সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে ছাত্রলীগের ওপর হামলা চালায়। আমাদের ৪ নেতা-কর্মী আহত হয়। অপরদিকে ছাত্রদলের জেলা সভাপতি হারুনুর রশিদ বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারীর নেতৃত্বে ছাত্রদলের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এতে আমাদের আট নেতা-কর্মী আহত হয়।