রাজশাহী চিনিকলে অবিক্রিত রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার টন চিনি। যার বাজার মূল্য ৫০ কোটি টাকা। এতে চিনিকলটি আর্থিক ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে বলে জানা গেছে। চিনি অবিক্রিত থাকার কারণ সম্পর্কে চিনিকল সূত্র বলছে, বিদেশ থেকে আমদানি করা এবং বেসরকারি রিফাইনারীতে উত্পাদিত চিনির দাম বাজারে কম থাকায় দেশীয় চিনি উত্তোলন করছেন না ডিলাররা। সূত্র মতে, চিনিকলের সরকারি চিনির মূল্য প্রতিকেজি ৫০ টাকা। এ হিসেবে প্রতি টনের মূল্য ৫০ হাজার টাকা। অন্যদিকে খুচরা বাজারে আমদানিকৃত চিনি পাওয়া যাচ্ছে প্রতিকেজি ৪৫/৪৬ টাকায়। সূত্র জানায়, চলতি ২০১২-২০১৩ মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছিল নভেম্বরের শেষে। ১ লাখ ৩৩ হাজার টন আখ মাড়াই করে সাড়ে ৯ হাজার টন চিনি উত্পাদিত হয়েছিল। এছাড়া বিগত বছরের অবিক্রিত চিনি রয়েছে প্রায় ১শ’ টন। এ ব্যাপারে রাজশাহী চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আবুল কালাম শামসুদ্দিন সাংবাদিকদের কাছে বিপুল পরিমাণ চিনি অবিক্রিত থাকার সত্যতা স্বীকার করেন।
