বিএনপি সংবিধানবিহীন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে: সুরঞ্জিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিএনপি সংবিধানবিহীন নির্বাচন করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক বন্ধুদের দিয়ে চাপ প্রয়োগ করছে। তাদের এই ষড়যন্ত্রের কারণে দেশে কোন অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হলে বিএনপিসহ ১৮ দলীয় জোটই দায়ী থাকবে। সংসদ ভেঙ্গে কিংবা সংসদ রেখে আগামী নির্বাচন করা সম্ভব বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন অর রশিদ প্রমুখ।