চিলমারীর হাসপাতালে ভাংচুর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৭
জেলার চিলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিনা চিকিত্সায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার হাসপাতালে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতা চিলমারী থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এরপর গতকাল দুপুর দেড়টার দিকে দায়ী চিকিত্সকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-উল-হাসান জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আসাদুজ্জামান (২২) গতকাল সকাল ১০টার দিকে বাড়ির গাছের ডাল কাটার সময় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কোন চিকিত্সক না থাকায় বিনা চিকিত্সায় তার মৃত্যু হয়। এ সময় জনতা উত্তেজিত হয়ে ডা. জাহিদুল ইসলামের চেম্বারসহ হাসপাতালের দরজা-জনালা ও আসবাবপত্র ভাংচুর করে।