গ্রামের বখাটে যুবকের অত্যাচার সইতে না পেরে মৌসুমী আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।এ ঘটনার প্রতিবাদে এবং বখাটে কামরুলকে দ্রুত গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মৌসুমী গত বুধবার স্কুলে যাওয়ার পথে গ্রামের কামরুল ইসলাম জোরপূর্বক তাকে নিজ বাড়িতে নিয়ে যায়।এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে মেয়েটি। কাউকে কিছু না বলে ঐ দিনই ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে মৌসুমী।পুলিশ তার লাশ ও পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে মৌসুমীর মা কাকলী বেগম বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
