রেফ্রিজারেটর কাঁধে দৌড়ে হাজার মাইল পার!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
মানবকল্যাণে অনেকেই অনেক কিছু করেন। অর্থ থাকলে করাটা একটু সহজ। কিন্তু না থাকলে কি কিছুই করা সম্ভব না? উত্তর হলো-সম্ভব, যদি ইচ্ছাশক্তি থাকে। যেমনটি করেছেন ব্রিটেনের টনি ফনিক্স মরিসন নামের এক নাগরিক। তিনি রেফ্রিজারেটর কাঁধে নিয়ে দেড় হাজার মাইল দৌঁড়েছেন একটি দাতব্য প্রতিষ্ঠানকে সহায়তা দানের জন্য! নর্থ স্কটল্যান্ড থেকে দৌঁড় শুরু করেন মরিসন (৪৯)। গত বৃহস্পতিবার ইংল্যান্ডে এসে শেষ করেন। এজন্য তার সময় লেগেছে ৪১দিন। তিনি ক্যান্সার চিকিত্সায় সহায়তাদানকারী স্যার রবি রবসন নামের একটি ফাউন্ডেশনের জন্য ৬৩ হাজার মার্কিন ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। ৯৩ পাউন্ড ওজনের রেফ্রিজারেটর কাঁধে নিয়ে দৌঁড়ানো মরিসন বলেন, আমি ভাবিনি যে কাজটি করতে পারবো এবং মানুষের এতো সাড়া পাবো। কিন্তু সত্যিই আমি অবাক হয়েছি যে আমি এত দূর দৌঁড়াতে সক্ষম হয়েছি এবং দাতব্য প্রতিষ্ঠানটির জন্য কিছু করতে পারছি। -ইউপিআই