রাজধানীর মগবাজার ফ্লাইওভারে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে শিহাব নামে পাঁচ মাসের এক শিশু নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাত রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হান্নান মিয়া জানান, ভোরে শিশু শিহাবকে নিয়ে তার মা শারমিন ও নানি মলি বেগম এবং মামা আলামিন অটোরিকশায় করে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিলেন। অটোরিকশাটি সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক শাহাদাতসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই
আহতদের বাড়ি কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকায়। শিশু শিহাবের বাবার নাম রাসেল মিয়া। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
