হেরাতে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের নিন্দা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের মার্কিন কনস্যুলেটে সন্ত্রাসী হামলার ঘটনায় ‘কঠোর’ নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত শুক্রবার তালেবান বিদ্রোহীদের হামলায় সেখানে সাতজন নিহত ও শিশুসহ ২৩ জন আহত হয়।— খবর সিনহুয়ার। শুক্রবার নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলার সঙ্গে যারা জড়িত, যারা এর অর্থ সহায়তা দিয়ে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে তাদের সকলকেই বিচারের আওতায় আনতে হবে। আর এ ব্যাপারে আফগান কর্তৃপক্ষকেও তারা প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। বিবৃতিতে তারা কূটনৈতিক ও কনস্যুলেট প্রতিনিধিদের টার্গেট করে যে সাধারণ মানুষকে হত্যা করছে তার নিন্দা জানায়। এছাড়া এ ঘটনায় যারা নিহত হয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করা হয়। পরিষদের সদস্যরা তালেবানের এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে সেখানকার মানুষের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে আখ্যা দিয়ে এর প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন। কনস্যুলেটে হামলার দিন তালেবান জঙ্গিরা প্রথমে একটি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এর পরপরই অন্য তালেবান সদস্যরা বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে। কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র জানান, হেরাত কনস্যুলেটের কর্মীরা সবাই নিরাপদে আছেন এবং কারো কোনো আঘাত লাগেনি।