এ্যাপোলো ইস্পাত কর্তৃপক্ষ

ব্যাংক ঋণ পরিশোধ ও নতুন প্রকল্পে ব্যয় হবে আইপিও’র টাকা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২২
পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যাংক ঋণ পরিশোধ ও নতুন প্রকল্পে ব্যয় করতে চায় এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। এর মাধ্যমে কোম্পানিটির মুনাফাও বৃদ্ধি পাবে বলে দাবি করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান। তিনি বলেন, ১২টাকা প্রিমিয়ামসহ ১০ টাকা ফেসভ্যালুতে মোট ১০০ কোটি শেয়ার ছেড়ে ২২০ কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ১৫৩ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে। আর ৬৩ কোটি টাকা ব্যয় করা হবে এনওএফ (নন অক্সিডাইজিং ফার্নেস) প্রকল্প বাস্তবায়নে। গতকাল শনিবার সাংবাদিকদের এ্যাপোলোর কারখানা পরিদর্শনশেষে তিনি এসব কথা বলেন। এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনসার আলী উপস্থিত ছিলেন। এর আগে কোম্পানির এজিএম মো. মতিউর রহমান সাংবাদিকদের এ্যাপোলোর কারখানা, ইটিপি এবং নির্মিতব্য এনওএফ প্রকল্প ঘুরে দেখান। আবদুর রহমান বলেন, নতুন প্রকল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে আমদানি করা হয়েছে, যা ২০১৪ সালের মাঝামাঝি নাগাদ বাণিজ্যিক উত্পাদনে যাবে। পুঁজিবাজার থেকে টাকা তুললে বিনিয়োগকারীরা কিভাবে লাভবান হবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনওএফ উত্পাদনে গেলে কোম্পানির উত্পাদন ২৫ শতাংশ বাড়বে। আর এটি উন্নত প্রযুক্তির হওয়ায় এখানে খরচ কম হবে। আইপিও থেকে টাকা নিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করার ফলে সুদ বাবদ বছরে প্রায় ৩০ কোটি টাকা সাশ্রয় হবে। তাছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সাড়ে ৩৭ শতাংশ আয়করের পরিবর্তে সাড়ে ২৭ শতাংশ দিতে হবে। ফলে কোম্পানির মুনাফা বাড়বে।