প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের বেতন স্কেল আপগ্রেডকরণ এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি জটিলতা অবসানের দাবিতে আগামী ১ অক্টোবর ঢাকায় অনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা।
তিনি বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে হাজির হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর তিন ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। এছাড়াও ১৯, ২১ ও ২২ সেপ্টেম্বর চার ঘণ্টা কর্মবিরতি এবং ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১ অক্টোবর থেকে ঢাকায় মহা-অনশন কর্মসূচি পালন করা হবে।
