আদাবরে একটি বাড়ির ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক চুরির উদ্দেশ্যে বাসাটিতে হানা দেয়। এ সময় পুলিশ তাকে ধরতে ধাওয়া করলে একপর্যায়ে সে একটি বাসার ছাদে ওঠে। ছাদে জানালার কার্নিশ থেকে লাফিয়ে পালানোর সময় নিচে পড়ে তার মৃত্যু হয়। তার পরনে ছিল কালো গেঞ্জি, ছাই রঙের ফুলপ্যান্ট।
শুক্রবার বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর সড়কের বাড়িতে এ ঘটনা ঘটে। আনু মিয়া নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, যুবকটি একটি ছয়তলা কার্নিশে দাঁড়িয়ে ছিলেন। পুলিশ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন। এতে যুবক ভীত হয়ে পালানোর সময় নিচে পড়ে যান।
আদাবর থানার এসআই জানান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের বাসায় চুরি করতে যায় ঐ যুবক। বাড়ির ছাদে ওঠার পর বাড়ির দারোয়ান টহল পুলিশকে খবর দেয়। তারা যুবকটিকে ধরতে চাইলে আত্মরক্ষার্থে যুবকটি ছাদ থেকে লাফিয়ে পড়েন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
