আড়াইহাজারে চালককে হত্যা করে ৫০ লাখ টাকার কাপড় ছিনতাই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কভার্ডভ্যান চালককে হত্যা করে দুর্বৃত্তরা আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ২৭১ রোল কাপড় ছিনতাই করে নিয়ে গেছে। নিহত চালকের নাম জিতু (৩২)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পুরিন্দা এলাকায় চালকের লাশসহ খালি কভার্ড ভ্যানটি শুক্রবার সকালে পুলিশ উদ্ধার করেছে। এ সময় আহত হেলপার রনি (১৮) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়েছে। হেলপার রনির বরাত দিয়ে আড়াইহাজার থানার এস আই রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ২৭১ রোল কাপড় নিয়ে কভার্ড ভ্যানটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাস্তায় ২ জন লোক বিপদে পড়েছে বলে কাকুতি-মিনতি করে কভার্ড ভ্যানে ওঠে। কুমিল্লার মাঝামাঝি এসে যাত্রীবেশি লোকগুলো ড্রাইভার জিতু ও হেলপার রনিকে ২টি ঠান্ডা টাইগার খেতে দেয়। কিছুক্ষণ পর ড্রাইভার ও হেলপারের মাথা ঘুরাতে থাকে। যাত্রীবেশি ২ ব্যক্তি রাস্তায় নির্জন স্থানে গাড়ি থামিয়ে অজ্ঞান অবস্থায় ড্রাইভার জিতুকে শ্বাসরোধে হত্যা করে। এর পর দুর্বৃত্তরা গাড়িতে থাকা সব কাপড় নিয়ে পালিয়ে যায়।