‘মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসো-সিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে কোন দুর্বৃত্ত বা মানবতাবিরোধী অপরাধী যেন অংশগ্রহণ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত এ সম্মেলনে বক্তারা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, নৌ-কমান্ডো লেফ. (অব.) গাজী মো. রহমতউল্ল বীর প্রতীক, নৌ-কমান্ডো বদিউল আলম বীর উত্তম প্রমুখ। সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব কমান্ডো মো. খলিলুর রহমান।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে আমাদের আরেকবার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার দরকার। অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আজ মুক্তিযুদ্ধের আদর্শের ওপর বারবার আঘাত হানা হচ্ছে। জঙ্গি শক্তির আস্ফাালন মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে বসেছে। তবে একমাত্র মুক্তিযোদ্ধারাই পারেন সেই চেতনা ফিরিয়ে আনতে। তরুণদের ভিতরের সুপ্ত দেশাত্মবোধকে জাগ্রত করতে হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন মংলার নৌ-কমান্ডো মেজর (অব.) কাজী এমদাদুল হক, সাতক্ষীরার নৌ-কমান্ডো আলফাজ উদ্দিন বীর প্রতীক, চাঁদপুরের নৌ-কমান্ডো আব্দুল লতিফ খান, কোটচাদপুরের নৌ-কমান্ডো ওসমান গনি, নৌ-কমান্ডো মোশাররফ হোসেন, নৌ-কমান্ডো ও ২১ আগস্ট গ্রেনেড হামলার আইও এএসপি ফজলুল কবির, নৌ-কমান্ডো আবুল কাশেম, নৌ-কমান্ডো নূরুল ইসলাম, নৌ-কমান্ডো সালাহউদ্দিন বীর উত্তমের স্ত্রী সালমা সালাহউদ্দিন, নৌ-কমান্ডো শফিক নূর মওলার কন্যা নাসরীন জাহান মওলা প্রমুখ।
