ভেন্যু নিয়ে বিরোধে ফেনী বিএনপির সম্মেলন আবার স্থগিত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২৫
দলীয় অভ্যন্তরীণ কোন্দলে ফেনী জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। জেলা বিএনপির দুটি পক্ষ সম্মেলনের জন্য পৃথক দুটি ভেন্যু ঠিক করে। সভার ভেন্যু নিয়ে বিরোধের জের ধরে সম্মেলন স্থগিত করা হয়। তার আগে গত ৪ সেপ্টেম্বর ফেনী জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন শহরের এসএসকে সড়কের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সভার আগের রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে ওই কমিউনিটি সেন্টার ভস্মীভূত করে দেয়। ফলে সভা স্থগিত করা হয়েছিল। ওই অগ্নিকাণ্ডের জন্য মূলত দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছে সাধারণ নেতাকর্মীরা। জানা যায়, সংসদ সদস্য মোশাররফ হোসেন ও অধ্যাপক জয়নাল আবদীন প্রকাশ ভিপি জয়নাল সমর্থিত অংশ সভার ভেন্যু হিসাবে শহরের ট্রাংক রোডে ডিসি অফিসের পাশে একটি কমিউনিটি সেন্টার ঠিক করে। অপরদিকে সংসদ সদস্য রেহানা আক্তার রানু সমর্থিত জেলা বিএনপি এসএসকে সড়কে অপর একটি কমিউনিটি সেন্টারকে সভাস্থল হিসাবে ঠিক করে। এ অবস্থায় কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগেও সমঝোতা না হওয়ায় আজকের সভা স্থগিত করা হয়। ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের সভা স্থগিতের সত্যতা স্বীকার করেছেন। ভিপি জয়নাল জানান, আজ ১৫ সেপ্টেম্বর দুপুর ৩টায় আবার আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে ঢাকায় বনানী হোটেল সেলিনাতে ১২ সদস্যের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ফেনীর প্রতিনিধি সভার জন্য পরবর্তী তারিখ ঠিক করা হবে।