যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোন স্থান নেই। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তিনি আবারো সংলাপের তাগিদ দিয়ে বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের মহাসচিব উভয়েই প্রধান দুই দলের নেত্রীকে সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য তাদের মনোভাব জানিয়েছেন।
তিনি গতকাল শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘী এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহযোগিতায় প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমী আয়োজিত “কেমন হবে ২০৪০ সালের বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান এটিএম শহিদুল আলম, স্কুলের অধ্যক্ষ মারটিন এফ মাই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজিনা, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এমপি, মাহবুবা আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। পরে ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মজীনা তার বক্তব্যে নিজের ভিশন তুলে ধরে বলেন, বাংলাদেশ কৃষি, সংস্কৃৃতি, শিল্প এবং প্রযুক্তির দিক দিয়ে একটি উন্নত ও সম্ভাবনাময় দেশ। আমি বিশ্বাস করি গার্মেন্টস শিল্পে বাংলাদেশ এক নম্বর হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজ শিল্পে আলোকবর্তিকা হবে। শীঘ্রই বাংলাদেশ বিশ্বের প্রযুক্তির ক্ষেত্রে চীনের বিকল্প হবে। আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে এদেশের ৬৪টি জেলা সফর করেছি। আমি দেখেছি এ দেশ সমৃদ্ধ এবং সম্ভাবনাময় একটি দেশ। এদেশের মাটি উর্বর। দেশটি খনিজ এবং গ্যাস সমৃদ্ধ। কেউ কেউ মনে করে বাংলাদেশ একটি গরিব দেশ। কিন্তু বাংলাদেশ সৃষ্টিকর্তা প্রদত্ত উন্নত দেশ। বাংলাদেশ এক সময় দক্ষিণ এশিয়ার বাঘে পরিণত হবে। সকল ক্ষেত্রে সোনার বাংলা হিসাবে গড়ে উঠবে।
