যখন শুরু করেন, তখন মনে হতো সুন্দর ডিজাইন করাই বুঝি তার কাজ। কাজ করতে করতে অভিজ্ঞতার আলোকে বুঝেছেন, ডিজাইন করাটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বটে, তবে এরচেয়েও বড় বিষয় সেই অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করা, সবকিছুর সমন্বয় করা। আর সেই কাজটা সুন্দরভাবে করার মধ্য দিয়েই পলার সাফল্যের গল্প শুরু। একজন ওয়েডিং প্ল্যানার অনেক কাজ করে থাকেন, বিয়ের আয়োজনের পুরো বিষয়টি বেশ ঝক্কিরই বটে! অতিথি আপ্যায়ন, কমিউনিটি সেন্টার ভাড়া, হলুদের ডালা-কুলা, কনের শাড়ি কিংবা বরের জুতো, এমন হাজারটা কাজ—কোনোটাই কোনোটা থেকে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ব্যস্ততা ভরা জীবনে চাইলেও সবাই সবটুকু সময় দিতে পারে না এই পরিকল্পনায়। তবে বিয়ে বলে কথা, হেলাফেলা করলেও তো চলবে না! আজকাল বিয়ের আয়োজনের এই ঝামেলাগুলো অনেকটাই শিথিল হয়ে এসেছে ওয়েডিং প্ল্যানারদের কল্যাণে। ওয়েডিং প্ল্যানার পলা রহমান তার নিজের টিমটা সাজিয়েছেন নিজের হাতেই। সব কাজ যে মনমতো হওয়া চাই, চাই নিখুঁত পরিপাটি। একদল অভিজ্ঞ কর্মীবাহিনী নিয়ে সানন্দেই কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া তার প্রদশর্নী নিয়ে পলা বলেন, ‘আজকাল বিয়ের আয়োজনের এই ঝামেলাগুলো অনেকটাই কমে এসেছে। কারণ আপনার কিংবা আপনার প্রিয় মানুষটির বিয়ের সকল মাথাব্যথা এখন হাসিমুখে নিচ্ছেন ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানাররা। তবে আবার এর মধ্যেও কিন্তু রয়েই যায়। দেখা যায় যে আমাদের দেশে ইভেন্ট ডিজাইন ও প্ল্যানিং বলতে আমরা কেবল বিয়ের স্টেজ সাজানো আর ডিজে মিউজিকই বুঝি। অথচ ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং মানে যে এর চাইতেও আরও অনেক বেশি কিছু।’ আর এ বিষয়টিই পলা রহমান তার প্রদর্শনীতে দেখাতে চেয়েছেন। আর সেই কিন্তুটির সমাধান দিতেই ওয়েডিং ডায়েরি ও পলা রহমানের মিলিত এই আয়োজন। প্রদর্শনী সম্পর্কে পলা রহমান বলেন, ‘ইভেন্ট ডিজাইন ও প্ল্যানিং নিয়ে আমাদের দেশে গতানুগতিক কিছু ধারণা প্রচলিত আছে। অনেকেই ভাবেন বিয়ের স্টেজ সাজানো আর ডিজে মিউজিকের মাঝেই প্ল্যানিংয়ের সাফল্য ধরা পড়ে! অথচ ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং মানে যে বহুমাত্রিক একটি বিষয় সেটিই আমি সকলের কাছে তুলে ধরতে চাই। বিয়ের খুঁটিনাটি সবকিছুর আমেজই দিতে চেয়েছি এই প্রদর্শনীতে।’ পলা রহমানের সব স্বপ্নই বিয়ের উত্সবকে ঘিরে। অনুষ্ঠানের প্রাথমিক ধাপ থেকে শুরু করে প্রতিটা মুহূর্তই সফল করতে চান তিনি, আর একজনের জীবনের রঙিন মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখার চেয়ে আনন্দের আর কি হতে পারে!
ফারহানা রহমান
ডাক নাম :পলা
জন্মতারিখ ও স্থান :১২ অগাস্ট
মায়ের নাম :নার্গিস আক্তার
বাবার নাম :মো. ফাইজুর রহমান
প্রথম স্কুল :আলী আহাদ হাই স্কুল, ঢাকা
প্রিয় মানুষ :আমার মা এবং আমার দুই ছেলে
প্রিয় উক্তি :In Order to succeed, your desire for success should be greater than your fear of failure. (Bill Cosby)
প্রিয় পোশাক :শাড়ি
অবসর কাটে যেভাবে :দুই সন্তান, স্বামী ও বন্ধুদের সঙ্গে।
সাফল্যের সংজ্ঞা :Hard work, patience and being honest
