ছেলেবেলা থেকেই মেহেদি পরতে ভালোবাসতো রাবা। এখন নিজের চেয়ে অন্যের হাতে আল্পনা করতেই তার বেশি আনন্দ। একে ওকে মেহেদি পরাতে পরাতে এক সময় রাবা লক্ষ্য করেন এ কাজে তার বেশ কদর বাড়ছে। বিশেষ কোনো উত্সব হলে বন্ধু-বান্ধব নিকট আত্মীয়েরা তার কাজে আসে। নিছক শখের বসেই এক বন্ধুর সাথে মিলে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেন মেহেন্দি বাই রাবা নামে। সেই থেকে শুরু। বর্তমানে প্রায় ১৬৫৮ জন এই ফেসবুক পেজটিকে পছন্দ করেছেন। শুরুতে নিজের করা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে দেখেন অনেকেই পছন্দ করছেন, একে একে সকলের ভালো লাগাও ছড়িয়ে যায় রাবার ফেসবুক ওয়ালে। তারপরই মাথায় চিন্তা আসে এই শিল্পটিকে ব্যবসায়িক রূপ দিলে কেমন হয়। একটি হাতে আল্পনা করার পর যখন অন্য হাত ধরেন, তখন নিজের মনে হয় এর শৈল্পিক দিক যেন আগেরটাকে ছাড়িয়ে যায়। এটা উপভোগও করেন তিনি। পড়াশোনার ব্যস্ততা না থাকলে তিনি আগুন্তুকদের হাতে আঁকতে বসেন। আর এই মেহেদি নিয়ে আঁকাজোঁকা করতে চান পেশাগত জীবনেও। নিজের আর অন্যদের হাতে মেহেদি পরাতে পরাতে কখন যে এই কাজে পারদর্শী হলেন নিজে বুঝতেও পারেননি। সবাই যখন বলে ‘লাবণ্য ভালো মেহেদি পরায়’ তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। বিয়ে-ঈদ-পূজাসহ বিভিন্ন উপলক্ষে আপনাকে সাহায্য করতে পারে এই মেহেন্দি বাই রাবা। মেহেদির কাজ করাতে যোগাযোগ করতে পারেন ফেসবুকের ঠিকানায়। সেখানে দেওয়া ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তবে মেহেদি লাগাতে অবশ্যই আপনাকে রাবার বাসায় আসতে হবে।
