১৩ কার্যদিবস পর ডিএসই’র সূচকে বড় উত্থান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৭
পাঁচ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক অনেকটাই অপরিবর্তনীয় থাকার পর গতকাল রবিবার সূচকে বড় উত্থান দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন ধরে বাজারে তেমন একটা ওঠানামা না হওয়ায় গতকালের উত্থান স্বাভাবিক প্রক্রিয়া। এদিন শেয়ারবাজারে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। গতকাল বাজারে ১৩ কার্যদিবস পর বড় উত্থান হয়েছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত ১৩ কার্যদিবস ধরে শেয়ারবাজারের সূচক কমা ও ফ্ল্যাট থাকার পর গতকাল সূচকে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ার প্রবণতায় লেনদেনও বেড়েছে। গতকাল বাজারে লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানির মধ্যে ১৩০টি কোম্পানির শেয়ারের দর ৪ শতাংশ বা তার চেয়েও বেশি পরিবর্তিত হয়েছে। তবে ক্ষুদ্র ও ছোট মূলধনী কোম্পানিগুলো ছিল দর বাড়ার শীর্ষে। গতকাল বাজারে লেনদেন হয়েছে পোশাক খাত এবং ফার্মাসিউটিক্যালস খাতকে ঘিরে। এ দুই খাতে লেনদেন হয়েছে বাজারের মোট লেনদেনের প্রায় ২৬ শতাংশ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৫২ লাখ ৫৪ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৯৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।