সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
বাগেরহাট, নীলফামারীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বাগেরহাট বাগেরহাট-মংলা সড়কের কাটাখালী মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে হালিম শেখ (৩৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। সে উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের হাকিম শেখের ছেলে। দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নীলফামারী জেলার বাহালীপাড়া গ্রামের সেকেন্দার আলীর কন্যা সোহানারা বেগম (১৫) বান্ধবীদের সাথে স্কুলে যাওয়ার সময় ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে মারা গেছে। সে চাদেরহাট বিশমুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং এসএসসি পরীক্ষার্থী। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বদরগঞ্জ (রংপুর) রংপুরে বিএনপির জনসভায় যাওয়ার পথে গতকাল রবিবার বদরগঞ্জ মহিলা কলেজের সামনে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে আবদার আলী মণ্ডল (৩৫) নামে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার দামোদুরপুর ইউনিয়নের সাহাদত্ (৩৫), আলতাফ (৩২), সুজন (৩৮), বুলবুল (৩০), আব্দুল গনি (৩৫), মশিউর (৪০), দুলাল মিয়া (৩০), আমজাদ (২৫), ফারুক (২৮) ও সফিয়ার (৩৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদার আলী মণ্ডল আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামের ইসলামুল হকের ছেলে। উলিপুর (কুড়িগ্রাম) উলিপুরে পাড়েরপাড় এলাকায় গত রবিবার সকালে রুহুল আমিনের ছেলে জুয়েল (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশের একটি খুঁটি তার শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে মেধা বিকাশ কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।